ভারতের বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতা আর আইনি জটিলতায় অপরাধীদের বেকসুর মুক্তি পাওয়ার নজির কম নয়। তা সত্ত্বেও, একটি গণতান্ত্রিক দেশে একজন ধর্ষিতা, সন্তানহারা, পরিবারহারা নারীকে বিচারের জন্য ২১ বছর অপেক্ষা করতে হবে — এটা যেমন কষ্টদায়ক, তেমনই নিন্দনীয়। বিলকিস বানোর মামলাটি তারই এক বিরল দৃষ্টান্ত।
২০০২ সালে গুজরাটের দাঙ্গা যাঁর জীবনকে ঢেকে দিয়েছিল নারকীয় অন্ধকারে, গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কলঙ্কিত অধ্যায়কে আবার ফিরিয়ে আনল আমাদের স্মৃতিতে।
২০০২ সালে বিলকিসের বয়স ছিল মাত্র ২১ বছর। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই তিনি তখন তিন বছরের শিশুকন্যা সালেহাকে নিয়ে গুজরাটের দাহোদ জেলার গ্রামে সুখে সংসার করছিলেন। ৩ মার্চ, গোধরা-কাণ্ডের পর শুরু হওয়া দাঙ্গায় বিলকিস ও তাঁর পরিবার প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালাচ্ছিলেন। রাধিকপুরের কাছে পথে একদল লোক তাঁদের উপর হামলা করে। বিলকিসের চোখের সামনে পরিবারের ১৪ জন সদস্যকে হত্যা করা হয়। তাঁদের মধ্যে ছিলেন তাঁর তিন বছরের মেয়ে ও তাঁর নিজের মা। ১১ জন লোক মিলে বিলকিসকে গণধর্ষণ করে। নির্মম নির্যাতনে তাঁর গর্ভের সন্তান মারা যায়। পাশবিক অত্যাচারে অচেতন হয়ে পড়ায় ধর্ষকরা ভেবেছিল, তিনিও মারা গেছেন।
কিন্তু বিলকিস মরেননি। জ্ঞান ফিরলে উলঙ্গ অবস্থায় এক আদিবাসী মহিলার দেওয়া শাড়ি পরে তিনি কাছের লিমখেদা থানায় অভিযোগ জানাতে যান। আর সেখানেই তিনি প্রথম বুঝতে পারেন প্রশাসনের আসল স্বরূপ। থানার প্রধান কনস্টেবল সোমাভাই গোরি তাঁর ধর্ষণের অভিযোগ এফআইআরে নথিভুক্ত করতে অস্বীকার করেন। শুধু সাধারণ হামলার অভিযোগ লিখে, বিলকিসের জবানবন্দি বিকৃত করে, তাঁকে দিয়ে টিপসই নিয়ে পুলিশ কেসটা বন্ধ করে দেয়। কারণ, ‘কোনও প্রমাণ নেই।’ উল্টে পুলিশ বিলকিসকে হুমকি দেয়, ধর্ষণের কথা বললে তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলা হবে।
পুলিশের পক্ষ থেকে সময়মতো কোনও ফরেনসিক বা মেডিকেল পরীক্ষা করা হয়নি। বরং পরে অভিযোগ ওঠে, অরুণ কুমার প্রসাদ ও সংগীতা প্রসাদ নামে দুই চিকিৎসক ধর্ষণের প্রমাণ আড়াল করে ভুয়ো রিপোর্ট তৈরি করেন। এরপর ২০০৩ সালের মার্চে গুজরাট পুলিশ ‘সাক্ষ্যপ্রমাণের অভাব’ দেখিয়ে ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বন্ধ করার আবেদন জানায়।
একজন ২১ বছরের গ্রামের মহিলা — যাঁর পুরো পরিবারকে হত্যা করা হল, যাঁর তিন বছরের মেয়েকে তাঁরই সামনে মাথা পাথরে ঠুকে মারা হল, যাঁকে গণধর্ষণ করা হল — তাঁকে ন্যূনতম বিচার বা সাহায্যটুকুও কেউ করল না। বেশিরভাগ মানুষ এমন অবস্থায় হাল ছেড়ে দেয়। বিলকিস ছাড়েননি। স্থানীয় প্রশাসনের উপর আস্থা হারিয়ে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের শরণাপন্ন হন। কমিশন ও প্রখ্যাত আইনজীবী হরিশ সালভের সহায়তায় তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেন। সুপ্রিম কোর্ট গুজরাট পুলিশের তদন্তে চরম গাফিলতি ও পক্ষপাতিত্বের প্রমাণ পেয়ে মামলাটি সিবিআইকে হস্তান্তর করে।
সিবিআই তদন্তে নেমে গুজরাট পুলিশ ও চিকিৎসকদের যোগসাজশ ফাঁস করে দেয়। বিলকিসের পরিবারের ১৪ জন সদস্যকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যে, সাতজনের মৃতদেহ পরে পাওয়া গিয়েছিল মাথা দেহ থেকে আলাদা করে পুঁতে রাখা অবস্থায়। সিবিআই ঘটনাস্থল থেকে নিহতদের দেহাবশেষ উদ্ধার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে এবং পুলিশ ও চিকিৎসকদের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করে। গুজরাটে থাকলে সাক্ষীদের জীবন বিপন্ন এবং ন্যায়বিচার ব্যাহত হতে পারে — এই আশঙ্কায় সুপ্রিম কোর্ট মামলাটি গুজরাট থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালতে স্থানান্তর করে। বিলকিসের ভাষায়, এটাই ছিল তাঁর প্রথম জয়।
২০০৮ সালে, ছয় বছর পর প্রথম বিচারে মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালত ১১ জন মূল আসামিকে ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে হেড কনস্টেবল সোমাভাই গোরিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিলকিস ভেবেছিলেন, এবার হয়তো দোষীরা শাস্তি পাবে। ২০১৭ সালে বোম্বে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে। ফলে দোষীরা সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পায়। সেই আপিল আজও চলছে। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে নির্দেশ দেয় বিলকিসকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, সঙ্গে সরকারি চাকরি আর থাকার জায়গা। কারণ, ‘রাষ্ট্র বিলকিস ও তাঁর পরিবারকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’
এর তিন বছর পর, ২০২২ সালের ১৫ আগস্ট, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের দিন গুজরাট সরকার ওই মামলার ১১ জন দোষীকে মুক্তি দেয়। ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে এটি এক কালো দিন। কারণ, জেল থেকে বেরনোর পর ১১ জন দোষীকে ফুলের মালা, তিলক দিয়ে স্বাগত জানানো হয় এবং বলা হয়, ভালো আচরণের জন্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দায় গোটা দেশে প্রতিবাদ শুরু হয় এবং বিলকিস আবার সুপ্রিম কোর্টে আবেদন করেন। অবশেষে ২০২৪ সালের ৮ জানুয়ারি, দীর্ঘ ২১ বছরের লড়াইয়ের পর বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ গুজরাট সরকারের মুক্তির আদেশ বাতিল করে রায় দেয় — ১১ জনকে দুই সপ্তাহের মধ্যে জেলে ফিরতে হবে। যেহেতু মামলাটি মহারাষ্ট্রের আদালতের অধীনে ছিল, তাই গুজরাট সরকারের সাজা মকুব করার কোনও আইনি এক্তিয়ার ছিল না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, এই মুক্তি ‘প্রতারণা’ ও তথ্য গোপনের মাধ্যমে করা হয়েছিল। কিন্তু গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আবার বিপিনচন্দ্র জোশি ও প্রদীপ মোদিয়া নামে দুই অপরাধীকে ১৭ বছর জেল খাটার বিবেচনায় সাজা স্থগিত করে জামিন দিয়েছে। বলা হচ্ছে, তাঁদের আপিল এখনও বাকি। ফলে, বিলকিসের অপরাধীদের বিরুদ্ধে নির্মম এই লড়াই আবার শুরু হয়েছে। বিলকিসের মামলার নিষ্পত্তি না হওয়ার পিছনে ভারতের মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে যাওয়ার প্রশ্নও উঠছে সমাজের বিভিন্ন স্তরে।
একটা দেশে ধর্ষকরা মালা পায়, আর ধর্ষিতাকে ২১ বছর ধরে প্রমাণ করতে হয় যে সে মানুষ — এই লজ্জা আমরা কোথায় রাখব?
বিলকিসের ঘটনা ছাড়াও আমাদের চোখে পড়ে উত্তরাখণ্ডের অঙ্কিতা ভাণ্ডারীর হত্যাকাণ্ড। ২০২২ সালে উনিশ বছরের অঙ্কিতাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও, ভিআইপি যোগসূত্র থাকার অভিযোগে তদন্ত ও বিতর্ক এখনও চলছে। এমনকি অভিযোগ উঠেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে নাম জড়ানো দুষ্মন্ত গৌতমকে বিজেপি নেতা হওয়ার সুবাদে সিকিমের রাজ্যপাল পদে পাঠানো হয়েছে, যাতে সংবিধান অনুযায়ী তিনি সবরকম আইনি মামলা বা বিচারের ঊর্ধ্বে থাকতে পারেন।
আজ বিজেপি-শাসিত অনেক রাজ্যে, এমনকি সারা দেশে, এমন মামলায় অভিযুক্তরা ছাড় পেয়ে যাচ্ছে শুধুমাত্র হিন্দু তকমাধারী বলে — এই অভিযোগ উঠছে। প্রকৃত অপরাধীদের বিচার বা শাস্তি কোনওটাই হচ্ছে না। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনাতেও ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ১৯ বছরের এক দলিত তরুণীর ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত তিনজন — রবি, লবকুশ ও রামু — আদালতে বেকসুর মুক্তি পায়। একইভাবে গুজরাটের আশারাম বাপু থেকে পাঞ্জাবের গুরমিত রাম রহিম — ২০১৭ সালে একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েও বারবার প্যারোলে মুক্তি পেয়ে যাচ্ছেন বা তাঁদের সাজা মকুব হয়ে যাচ্ছে, শুধুমাত্র হিন্দুত্ববাদের ছায়ায় আছেন বলে। ২০২২ সালে বিলকিসের পরিবারের হত্যাকারী ১১ জনকে মুক্তি দিয়ে গুজরাটের বিধায়ক সি কে রাউলজি বলেছিলেন, তাঁরা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণরা ভালো মূল্যবোধের জন্য পরিচিত। অর্থাৎ, যেহেতু তাঁরা ব্রাহ্মণ, অতএব তাঁরা ধর্ষণ করলেও মাফ। মনু আর ব্রাহ্মণ্যবাদের এই ধ্বজাধারীদের হিন্দুত্ব পরিচয়ের প্রাধান্যের কারণে খুন, গণধর্ষণ বা মেরে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনাতেও উচ্চতর আদালত অনেক ক্ষেত্রেই নীরব থাকছে বলে অভিযোগ।
আজ বিজেপি-শাসিত অনেক রাজ্যে প্রশাসনিক স্তর থেকে উচ্চ আদালত — সব জায়গাতেই ধর্ষণ এবং নারী নির্যাতনের ক্ষেত্রে মনোভাব পরিষ্কার: অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পাচ্ছে না, তদন্ত ধামাচাপা পড়ে যাচ্ছে, বা প্রকৃত অপরাধী চিহ্নিত হওয়ার আগেই তাঁদের এনকাউন্টারে মেরে ফেলা হচ্ছে। আমাদের রাজ্যে সরকার পরিবর্তনের পর খুন, ধর্ষণের সাক্ষ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, করা হচ্ছে অবাধ এনকাউন্টার — যাতে সত্য ঘটনা সামনে না আসে, প্রকৃত অপরাধী চিহ্নিত করা না যায়। এনকাউন্টারের নামে যদি আসল অপরাধীকে মেরে ফেলা হয়, তাহলে সত্য কোনওদিন সামনে আসবে না। তাছাড়া তদন্ত বলে কোনও কিছুই হবে না, মানুষ প্রশাসনের উপর আস্থা হারাবে।
বিলকিস বানোর এই মামলা আমাদের সামনে এক আয়নার মতো। আমাদের সমাজে প্রতিদিন রাস্তাঘাটে, অফিসে, কর্মক্ষেত্রে মেয়েদের অনেক নির্যাতন সহ্য করতে হয়। সেখানে যদি একুশ বছর ধরে অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হয়, এই সময়ে অনেক কিছু হতে পারে। বিলকিসের পুরো যৌবন চলে গেছে এই মামলার রায় পেতে। কারও মৃত্যুও হতে পারে। সে ক্ষেত্রে সরকার বা প্রশাসনের দায়িত্ব কী?
আর একটি বড় প্রশ্ন — ভিকটিম বিলকিসকে না জানিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কি ন্যায়বিচারের পরিপন্থী নয়? এর উত্তর পাওয়ার জন্য কি আমাদের আরও একুশ বছর অপেক্ষা করতে হবে?

